রমজানের মাসআলা সম্পর্কিত কিছু প্রশ্নত্তর
১. সেহরি না খেলে রোজা হবে?
সেহরি খাওয়া সুন্নত, এটি রোজার অংশ নয়। সেহরি না খেলেও রোজা হয়ে যায়। - (মুসনাদে আহমদ ২/৩৭৭; ইমদাদুল ফাত্তাহ ৬৯৭)
আর রমজান মাসে কোনো কারণে রাতে নিয়ত করতে না পারলে এবং সুবহে সাদিকের পর থেকে রোজা ভঙ্গের কোনো কারণ পাওয়া না গেলে দুপুরের আগ (অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের আগ) পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকে। তবে রাতে নিয়ত করে নেওয়াই উত্তম।
- [শরহু মুখতাসারিত তহাবী ২/৪০৪; কিতাবুল আছল ২/২২৬; ফতোয়ায়ে হিন্দিয়া ১/১৯৬; বাদায়েউস সানায়ে ২/২২৯]
২. ঢেকুর আসলে রোজা ভাঙ্গবে?
সেহরির সময় কোনো ব্যক্তি এত পরিমাণ খেয়েছে যে, সূর্যোদয়ের পর তার মধ্যে ঢেকুর আসতে শুরু করে। সঙ্গে পানিও বের হয়। এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। - (সূত্র : ফাতাওয়া রশিদিয়া, পৃষ্ঠা ৩৭১)।
৩. ভুলে ইফতার করে ফেললে রোজা হবে?
সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল এখনো সূর্যাস্ত হয়নি। এমন অবস্থায় রোজা কি ভেঙে যাবে? ভেঙে গেলে একটি রোজা কাজা করাই কি যথেষ্ট হবে, নাকি কাফফারাও দিতে হবে? এ ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এ ধরনের ক্ষেত্রে হুকুম হলো, ভুল সম্পর্কে অবগত হওয়ার পর সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকবে এবং পরবর্তী সময়ে একটি রোজা কাজা করে নেবে।
তবে কাফফারা আদায় করতে হবে না। হজরত হানজালা (রা.) বলেন, ‘আমি রমজান মাসে হজরত উমর (রা.)-এর দরবারে উপস্থিত ছিলাম। সেখানে কিছু পানীয় পেশ করা হলো এবং কেউ কেউ সূর্য ডুবে গেছে মনে করে তা পান করল। তখন মুয়াজ্জিন উচ্চৈঃস্বরে বললেন, আমিরুল মুমিনিন! আল্লাহর কসম, সূর্য এখনো ডোবেনি, তা উদিত অবস্থায় আছে। তখন হজরত উমর (রা.) বললেন, যারা ইফতার করে ফেলেছে, তারা যেন তার পরিবর্তে আরেকটি রোজা রাখে। আর যারা ইফতার করেনি, তারা যেন সূর্যাস্ত পর্যন্ত তা পূর্ণ করে।’ - [মুসান্নাফ ইবনে আবি শাইবা ৬/১৫০; আদ্দুররুল মুখতার ২/৪০৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৬; আলমুহীতুল বুরহানী ৩/৩৩৬; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী ৩৬৯; ফাতহুল কাদীর ২/২৯০]
৪. গর্ভবতী নারী রোযা ভেঙ্গে ফেললে পরবর্তীতে তার কতটি রোযা কাযা করতে হবে? ফিদিয়া দিলে হবে কি?
বিষয়ঃ মহিলারা গর্ভ অবস্থায় রোজা ভাঙ্গার অথবা রোজা রাখা/না রাখার হুকুম কি?
গর্ভ অবস্থায় রোজা ভাঙ্গলে পরবর্তীতে ১টি রোজার জন্য কতটি রোজা রাখতে হবে?
পরবর্তীতে রোজা না রাখতে পারলে কি করুনীয়?
উত্তর:
بسم الله الرحمن الرحيم
প্রসূতি নারীরা এক প্রকার অসুস্থ্য। আর অসুস্থ্যদের ক্ষেত্রে বিধান হল, যদি রোযা রাখতে সক্ষম না হয়, অর্থাৎ রোযা রাখলে গর্ভের বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যাবে বিশেষজ্ঞ ডাক্তার জানান, কিংবা রোযা রাখলে মায়ের অসহনীয় কষ্ট হয়, তাহলে রমজানে রোযা না রাখার সুযোগ আছে। তারপর রমজানের পরবর্তীতে কাযা করে নিতে হবে। একটি রোযার জন্য একটি রোযাই কাযা করতে হবে। বেশি করতে হবে না।
যদি পরবর্তীতে রোযার কাযা আদায় না করেই মারা যায়, বা এমন অবস্থায় পৌছে যায় যে, রোযা রাখতে আর পারবে না, তাহলে উক্ত রোযাগুলোর ফিদিয়া আদায় করে দিবে। প্রতিটি রোযার জন্য একজন মিসকিনকে দুইবেলা খানা খাওয়াবে বা এর সমমূল্য দান করে দিবে। কিন্তু রোযা রাখতে সক্ষম হলে ফিদিয়া দিলে আদায় হবে না।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [٢:١٨٣]
أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ [٢:١٨٤]
হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে, অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার। - [সূরা বাকারা-১৮৩-১৮৪]
فى الفتاوى التاتارخانية- اذا خافت الحامل أو المرضع على أنفسهما أو على ولدهما جاز له الفطر، وعليهما القضاء، (الفتاوى التاتارخانية – كتاب الصوم، فصل الأسباب المبيحة للفطر-3/404)
وفى حاشية الطحطاوى على مراقى الفلاح- ( واختلف الترجيح في ) صوم ( المريض إذا نوى واجبا آخر ) بصومه ( في ) شهر رمضان ) الخ وقال فخر الإسلام وشمس الأئمة الصحيح أنه يقع صومه عن رمضان وفي البرهان وهو الأصح، (حاشية الطحطاوى على مراقى الفلاح-644
والله اعلم بالصواب
৫. রোযা অবস্থায় তেল জাতীয় দ্রব্যাদী মালিশ করলে কি রোযার ক্ষতি হবে?
কিছু মলম (যেমন tiger balm, Radiant, Icy-cool ইত্যাদি) আছে, যেগুলো মালিশ করলে খুব দ্রুত ব্যথার উপশম হয়। রোযা অবস্থায় এগুলো মালিশ করলে রোযার কোন ক্ষতি হয় কি?
উত্তর:
بسم الله الرحمن الرحيم
এতে রোযার কোন ক্ষতি হবে না। প্রয়োজনে তা মালিশ করা যাবে।
عَنْ قَتَادَةَ: «يُسْتَحَبُّ لِلصَّائِمِ أَنْ يَدَّهِنَ حَتَّى تَذْهَبَ عَنْهُ غُبْرَةُ الصَّائِمِ»
হযরত কাতাদাহ রা. বলেন,‘রোযাদারের তেল ব্যবহার করা উচিত, যাতে রোযার কারণে সৃষ্ট ফ্যাকাশে বর্ণ দূর হয়ে যায়। - [মুসান্নাফে আবদুর রাযযাক ৪/৩১৩, হাদীস নং-৭৯১২]
৬. রোজা রেখে কি সিগারেট খাওয়া যাবে?
রোজা রেখে সিগারেট খেলে রোজা ভেঙ্গে যাবে। রোজার আরবী হল সাওম। আর সাওম অর্থ বিরত থাকা।
সাওমের শর্ত হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার, অশ্লীলতা, পাপাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নাম রোজা/সাওম।
রোযাঃ সুবেহ-সাদিকের সময় থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত সমস্ত অশ্লীল কাজ ও আহার থেকে নিজেকে বিরত রাখার নামই রোযা।
রোজা রেখে সিগারেট খেলে রোজা ভেঙ্গে যায়। রোজা থেকে কোনো খাবার,পানীয় বা ধোয়াজাতীয় কোনো কিছু ইচ্ছাকৃতভাবে গ্রহণ করলে রোজা ভেঙ্গে যায়। আর সিগারেট ধোয়াজাতীয় জিনিস, অতএব সিগারেট খেলে রোজা ভেঙ্গে যায়।
৭. রোজা রেখে স্বপ্নদোষ হলে কি রোজা হবে?
স্বপ্নদোষের কারণে রোযা ভঙ্গ হবে না। কারণ স্বপ্নদোষ রোযাদারের অনিচ্ছায় ঘটে থাকে।
ইমাম নববী ‘আল-মাজমু’ গ্রন্থে বলেন:
আলেমগণের ইজমা হচ্ছে- কারো স্বপ্নদোষ হলে রোযা ভাঙ্গবে না। কারণ সে ব্যক্তি এক্ষেত্রে অপারগ। যেমন- কারো অনিচ্ছা সত্ত্বেও কোন একটি মাছি যদি উড়ে এসে কারো পেটে ঢুকে যায়। এ মাসয়ালার দলিলের ক্ষেত্রে এটাই হচ্ছে- ভিত্তি। পক্ষান্তরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত: “যে ব্যক্তি বমি করেছে, কিংবা যার স্বপ্নদোষ হয়েছে, কিংবা যে শিঙ্গা লাগিয়েছে তার রোযা ভাঙ্গবে না” হাদিসটি ‘যয়িফ’ (দুর্বল); যা দলিল পেশ করার উপযুক্ত নয়।[সমাপ্ত]
তিনি ‘মুগনি’ গ্রন্থে (৪/৩৬৩) আরও বলেন:
কারো যদি স্বপ্নদোষ হয় তার রোযা ভাঙ্গবে না। কেননা স্বপ্নদোষ তার অনিচ্ছায় ঘটে থাকে। সুতরাং এটি ঐ মাসয়ালার সাথে সাদৃশ্যপূর্ণ – কেউ যদি ঘুমিয়ে থাকে আর তার গলার ভেতরে কোন কিছু ঢুকে যায়।[সমাপ্ত]
শাইখ বিন বায (রহঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল: ঐ ব্যক্তি সম্পর্কে যে দিনের বেলায় ঘুমিয়েছে এবং তার স্বপ্নদোষ হয়েছে, বীর্যও বের হয়েছে; সে কি ঐ দিনের রোযার কাযা পালন করবে?
জবাবে তিনি বলেন:
তার উপর কাযা আবশ্যক নয়। কেননা স্বপ্নদোষ তার ইচ্ছাধীন নয়। কিন্তু, তার উপর গোসল ফরয; যদি বীর্য দেখে থাকে। - মাজমুউল ফাতাওয়া (১৫/২৭৬)]
শাইখ উছাইমীন (রহঃ) কে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল রমযানের দিনের বেলায় যার স্বপ্নদোষ হয়েছে?
জবাবে তিনি বলেন: তার রোযা সহিহ। স্বপ্নদোষের কারণে রোযা ভাঙ্গবে না। কেননা স্বপ্নদোষ তার এখতিয়ারে নেই। ঘুমন্ত অবস্থায় কলম তুলে রাখা হয়।[সমাপ্ত]
স্থায়ী কমিটির ফতোয়াসমগ্রে (১০/২৭৪) এসেছে:
যে ব্যক্তির রোযা অবস্থায় কিংবা হজ্জ বা উমরার ইহরাম অবস্থায় স্বপ্নদোষ হয়েছে তার কোন গুনাহ নেই; তার উপর কাফ্ফারা নেই। এটি তার রোযার উপর, হজ্জের উপর বা উমরার উপর কোন প্রভাব ফেলবে না। তার উপর ফরয হল: জানাবাতের গোসল করা; যদি সে বীর্যপাত করে থাকে।[সমাপ্ত]
৮. রোজা রাখার নিয়ত করে সেহরি খেয়ে ঘুমানোর পর যদি কারো স্বপ্নদোষ হয়, তাহলে কি রোজা ভেঙে যাবে?
স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না।
আবু সাঈদ খুদরি রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ বলেছেন তিনটি জিনিস রোজাকে ভঙ্গ করে না। শিঙা, বমি, স্বপ্নদোষ। - (তিরমিজি শরীফ, মেশকাত শরীফ)
উত্তর : সিয়ামরত আবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, যেহেতু তার অনিচ্ছায় এ কাজটি হয়েছে। যে কোনো আমলের মধ্যে যদি ইচ্ছেকৃত বিষয় না থাকে বা অনিচ্ছাকৃত কোনো আমল বান্দার কাছ থেকে হয়ে যায়, এটা যদি সিয়াম ভঙ্গকারী হয়ে থাকে, তাহলে এর মাধ্যমে সিয়াম নষ্ট হয় না।
তবে, এটি অনুভব করার পর আতিদ্রুত নিজেকে পাক পবিত্র কোরে ফেলাটিই উত্তম।
৯. রোজা অবস্থায় করোনার টিকা নিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে?
অতি জরুরি প্রয়োজন হলে দিতে পারেন। কিন্তু সমস্যা না থাকলে না নেওয়াই উত্তম।
ভ্যাক্সিন, টিকা, ইঞ্জেকশন (যেগুলো খাবারের বিকল্প নয়) সিয়ামরত অবস্থায় ভ্যাক্সিন, টিকা বা এমন কোনো ইঞ্জেকশন নেয়া বৈধ যেগুলোর দ্বারা খাদ্য বা পানির চাহিদা পূরণ হয় না। অর্থাৎ যেই ইঞ্জেকশন খাদ্য বা পানীয় এর বিকল্প হিসাবে ব্যবহার করা হয় না, সেগুলো সিয়ামের কোনো ক্ষতি করবে না। এছাড়াও ইনসুলিন নিলেও সিয়ামের কোনো ক্ষতি হয় না।
১০. রোজা মুসলমানদের উপর কখন ফরজ হয়েছ?
রমজানের রোজা মহানবী (সা.) এর পূর্ববর্তী নবী-রাসূল ও তাদের উম্মতদের জন্যও ফরজ ছিল। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী (সা.) ও তার উম্মতদের জন্যও ফরজ করা হয়েছে।
১১. ইচ্ছাকৃতভাবে নিজের থুথু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে বা হালকা হয়ে যাবে?
থুথু গিলে ফেললে রোজা ভেঙে বা হালকা হয়ে যাবে এটা একটা ভ্রান্ত ধারণা। ছোটবেলায় যখন মাঝেমধ্যে রোজা রাখতাম তখন সারাদিন থুথু ফেলতেই থাকতাম। কিন্তু এটা একটি ভ্রান্ত ধারণা।
১২. রোজা রেখে উলঙ্গ হয়ে গোসল করলে কি রোজা হালকা হয়ে যাবে?
রোযাদারের জন্য গোসল করা বৈধ। গোসল রোযার উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না।
পরিবর্তিত জীবন ধারায় মানুষের সংস্কৃতিতে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বিবস্ত্র হয়ে গোসল করার প্রবণতা মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। এ বিষয়ে জানতে অনেকে আলেমসমাজের শরণাপন্ন হয়ে থাকেন। সংক্ষেপে এখানে সে প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।
বিবস্ত্র হয়ে অজু বা গোসল করা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এমন : প্রয়োজন ছাড়া বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা উচিত নয়। হাদিসে এ ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে। সুতরাং তা পরিহার করা উচিত। এক হাদিসে এসেছে, মুয়াবিয়া বিন হাইদা (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার লজ্জাস্থান সর্বদা হেফাজত করো (অর্থাৎ ঢেকে রাখো)।’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! যদি কোনো ব্যক্তি কোথাও একাকী থাকে! (তখনো কি তা ঢেকে রাখতে হবে?)।’ তিনি বলেন, ‘অবশ্যই, কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত।’ - (তিরমিজি, হাদিস : ২৭৬৯)
তবে কেউ যদি কোনো কারণে বিবস্ত্র হয়ে অজু বা গোসল করতে চায়, তাহলে লোকচক্ষুর আড়ালে করলে এর অবকাশ আছে। বিশেষত, স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার কথা হাদিসে এসেছে। মহানবী (সা.) তাঁর স্ত্রী মাইমুনা (রা.) ও আয়েশা (রা.)-এর সঙ্গে একত্রে গোসল করেছেন। এটি সহিহ বুখারি ও মুসলিম দ্বারা প্রমাণিত। এ বিষয়ে কেউ কেউ মুসা (আ.)-এর বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনাও প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন। - (দেখুন : বুখারি, হাদিস : ৩৪০৪)
সুতরাং এ বিষয়ে অবকাশ থেকে যায়, যদিও এটি সুন্নত নয় এবং অনুত্তম কাজ।
আর একটি বিষয় হলো, বিবস্ত্র হয়ে অজু বা গোসল করলে অজু হওয়া-না হওয়া এবং গোসল হওয়া-না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অজু ও গোসলের অঙ্গ পরিপূর্ণভাবে ধৌত হয়ে গেলে বিবস্ত্র থাকলেও অজু ও গোসল হয়ে যাবে।
১৩. গর্ভাবস্থায় রোজা রাখার বিধান কী?
প্রকৃতপক্ষে রোজা রাখা যাবে কি যাবে না তা নির্ভর করে গর্ভধারণকারী নারীর উপর। গর্ভবতী মায়ের স্বাস্থ্য ও গর্ভের সন্তানের স্বাস্থ্যে উপর ভিত্তি করেই একজন গর্ভবতী নারী চাইলে রোজা রাখতে পারেন। গর্ভাবস্থায় রোজা রাখাটা কি শিশুর জন্য নিরাপদ কিনা তার সঠিক উত্তর দেওয়া মুশকিল। অনেক গবেষণা সত্ত্বেও এই কথা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে মা রোজা রাখলে গর্ভের শিশু নিরাপদ কি না।
১৪. বাংলাদেশে বসবাস করে যারা সৌদিআরব-এর সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে তাদের রোজা ও ঈদ হবে কি?
ইসলাম বলে আপনি যে এলাকার মানুষ, সেই এলাকার চাঁদ দেখে, চাঁদ নিরভ্র বিষয় গুলির সিদ্ধান্ত নিতে। এবার আপনি বলুন, আপনি কোনটা সঠিক মনে করেন। চাইলে রেফেরেঞ্চে হাদিস খুঁজে দেখতে পারেন বুখারি/ মুসলিমি সব হাদিসের বইয়েই আছে।
বাংলাদেশে বসবাস করে যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে তাদের রোজা ও ঈদ হবে কিনা সেটা বলা যায় না। বরং তাদের শেষের দিনের রোজার পরে যে ঈদ তারা করে যেদিন বাংলাদেশ 29 অথবা 30 রোজা থাকে, এই দিনটি তারা রোজা না রাখার কারণে হয়তোবা গুনাহগার হবে। কিন্তু এর আগের দিনগুলোর রোজা যেহেতু একই নিয়মে সেটা কবুল হয়ে যায়। আর আমাদের রোজার মধ্যেই যে তারা ঈদ পালন করে এ জন্য তাদের ঈদের নামাজও সহীহ হবে না।