সূরা আল-ক্বারিয়াহ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
ٱلْقَارِعَةُ
مَا ٱلْقَارِعَةُ
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
فَأُمُّهُۥ هَاوِيَةٌ
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
বিসমিল্লা-হির রাহমা-নির্ রাহি-ম।
আল কা-রি‘আহ ।
মাল কা-রি‘আহ।
ওয়ামাআদরা-কা মাল কা-রি‘আহ।
ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ।
ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।
ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।
ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ।
ওয়া আম্মা-মান খাফফাত মাওয়াঝীনুহূ
ফাউম্মুহূহা-বিইয়াহ।
ওয়ামাআদরা-কা মা-হিয়াহ।
না-রুন হা-মিয়াহ।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
করাঘাতকারী,
করাঘাতকারী কি?
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
অতএব যার পাল্লা ভারী হবে,
সে সুখীজীবন যাপন করবে।
আর যার পাল্লা হালকা হবে,
তার ঠিকানা হবে হাবিয়া।
আপনি জানেন তা কি?
প্রজ্জ্বলিত অগ্নি!
তাফসীরঃ
আয়াতঃ ১
প্রচন্ড শব্দের দিন বা মহা প্রলয় বা শেষ বিচারের দিন, যেদিন এই সুশৃঙ্খল পৃথিবীর সব কিছু লন্ডভন্ড হয়ে পড়বে এবং পৃথিবী প্রচন্ড বেগে প্রকম্পিত হবে। বর্তমানে আমাদের চোখে যে দৃশ্যমান পৃথিবী তার মানচিত্র মুছে যাবে। সে অভিজ্ঞতা হবে এক কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। কিন্তু সেটাই হবে নূতন পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন, যেখানে পার্থিব জীবনের প্রতিটি কর্মকে বিচার করা হবে এবং তার প্রকৃত মূল্যমানকে নির্ধারিত করা হবে।
আয়াতঃ ২, ৩ ও ৪
নূতন পৃথিবী সৃষ্টির প্রাক্কালে যখন পুরাতন পৃথিবী প্রচন্ড আলোড়নে লন্ড ভন্ড হয়ে পড়বে, তখন মানুষের অসহায় অবস্থাকে এই আয়াতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পতঙ্গ হচ্ছে ক্ষুদ্র,অসহায়, হালকা এক প্রাণী। প্রচন্ড বাতাসের মাঝে তাদের যেরূপ দিগভ্রান্ত, বিক্ষিপ্ত অবস্থা হয়, এই উপমার সাহায্যে কেয়ামত দিবসে মানুষের হতভম্ভ, কিংকর্তব্যবিমূঢ়, অসহায়, অবস্থাকে সে ভাবে তুলে ধরা হয়েছে।
মানুষ বিচার দিবসের আতঙ্কে দিশাহারা হয়ে পড়বে। পৃথিবীর স্মৃতি ক্ষীণ হয়ে আসবে, নূতন পৃথিবীর ধারণা তার মাঝে নূতন আশার জন্ম দেবে। কিন্তু নূতন পৃথিবী হবে ন্যায় ও সত্যের উপরে প্রতিষ্ঠিত – যেখানে পৃথিবীতে কৃত কোন সৎ কাজকেই হারিয়ে যেতে দেয়া হবে না। প্রতিটি অসৎ কাজকেই তার ফল বা মূল্য শোধ করতে হবে।
আয়াতঃ ৫
পর্বত হচ্ছে কাঠিন্য ও স্থায়ীত্বের প্রতীক। পৃথিবীর জীবনে পর্বতকে মনে হয় তা ধ্বংস করা কারও পক্ষেই সম্ভব নয়। কিন্তু সেই মহা প্রলয়ের দিনে পর্বত শুধু ধ্বংসই হবে না, তা হবে “ধূণিত পশমের মত”। এটা একটি রূপক বর্ণনা যার সাহায্যে তুলনা করা হয়েছে পৃথিবীতে যাকে আমরা চিরস্থায়ী ও দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত বলে মনে করি, পরলোকের জীবনে, নুতন পৃথিবীতে তা বাতাসে মিলিয়ে যাবে, যার কোন অস্তিত্বই থাকবে না।
আয়াতঃ ৬
সৎ কাজ বা ভালো কাজকে সেদিন ওজন করা হবে ন্যায় ও অন্যায়ের বাটখাড়াতে এবং প্রকৃত মূল্যমান ধার্যকরা হবে। এই মূল্যায়নের সময়ে শুধুমাত্র সৎ কাজের পরিণতি ও ফলাফলই বিচার করা হবে না, বিচার করা হবে প্রতিটি কাজের উদ্দেশ্য বা নিয়ত। প্রকৃতপক্ষে কি উদ্দেশ্যে কাজটি করা হয়েছে।
পৃথিবীর প্রলোভন, প্ররোচণা, উত্তেজনা, কাজের পরিবেশ, সমসাময়িক সমাজের অবস্থান, পূর্ববর্তী ও পরবর্তী সামাজিক সংশোধন অর্থাৎ এক কথায় খুঁটিনাটি প্রতিটি ব্যাপারেরই ভিত্তিকে প্রত্যেকের কাজকে মূল্যায়নের জন্য বিচার বিবেচনা করা হবে। ঠিক একই ভাবে মন্দ কাজকেও বিচার ও মূল্যায়ন করা হবে।
এই মূল্যায়নে ভালো কাজের পাল্লা ভারী হলে তা মানুষকে সন্তোষজনক ও আনন্দদায়ক আলয়ে পথ দেখিয়ে নিয়ে যাবে। অবশ্য এই বাসস্থান হবে নূতন পৃথিবীতে। অবশ্য যে বাটখাড়ার বা পাল্লার উল্লেখ এখানে করা হলো তা হচ্ছে রূপক অর্থে।
আয়াতঃ ৭
ভালো কাজের মূল্যায়নের পুরষ্কার অপার প্রশান্তির জীবন, অবশ্য এই প্রশান্তির গাঢ়তা বা গভীরতা সকলের জন্য সমান হবে না। তা নির্ভর করবে কাজের গুরুত্ব অনুযায়ী। তবে সকল ক্ষেত্রেই তা হবে প্রশান্তি যা প্রতিটি ব্যক্তির ব্যক্তিসত্ত্বার সাথে সমন্বিত থাকবে।
আয়াতঃ ৮, ৯, ১০ ও ১১
পূণ্যাত্মাদের প্রশান্তির যেরূপ বিভিন্ন ধাপ বা মর্যদা বিদ্যমান থাকবে, ঠিক সেরূপ বর্তমান থাকবে শাস্তির বিভিন্ন ধাপ। পাপের গুরুত্ব ও ধাপ অনুযায়ী তা নির্ধারণ করা হবে। ‘হাবিয়া’ হচ্ছে জাহান্নামের নিম্নস্তর।