সেজদা দেয়ার নিয়ম
সেজদা দেয়ার নিয়ম হল, সিজদায় যাওয়ার সময় মাজা থেকে উপরের অংশ সোজা রেখে প্রথমে মাটিতে উভয় হাঁটু রাখবে, এরপর উভয় হাতের পাতা এমনভাবে রাখবে যেন সিজদা দিলে হাতের বৃদ্ধাঙ্গুলিদ্বয় কান বরাবর থাকে এবং নাক বৃদ্ধাঙ্গুলিদ্বয়ের মাঝখানে থাকে।
এরপর প্রথমে নাক ও পরে কপাল রেখে মাথা মাটিতে ভালভাবে লাগিয়ে রাখবে। সিজদার প্রথম থেকে শেষ পর্যন্ত নাক অবশ্যই মাটির সাথে লাগানো থাকতে হবে।
সেজদায় সময় দু হাতের বৃদ্ধাঙ্গুলি কান বরাবর থাকবে এবং নাক থাকবে বৃদ্ধাঙ্গুলিদ্বয়ের মাঝখানে এবং উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিতাবস্থায় ক্বেবলারোখ করে রাখবে এবং দু'পা মিলিয়ে অঙ্গুলিসমূহ ক্বেবলার দিকে রেখে পায়ের পাতা খাড়া করে রাখবে।
আর মহিলারা দু' পায়ের পাতা ডান দিকে বের করে মাটিতে বিছিয়ে রাখবে এবং যতদূর সম্ভব আঙ্গুলের মাথাগুলো কেবলা মুখী করে রাখবে। পুরুষরা সেজদা করার সময় উভয় পা মিলিয়ে রাখবে। এ সময় আঙ্গুলগুলো কেবলা রোখ থাকবে। হাঁটু থেকে মাথা যথেষ্ট দূরে থাকবে।
হাতের ক্বজির উপরের অংশ (কনুই) মাটি থেকে উপরে থাকবে। পেট উরু হতে এবং বাজু বোগল হতে পৃথক থাকবে। মাজা এত পরিমাণ উচু করে রাখতে হবে যেন একটি বকরীর ছোট বাচ্চা অনায়াসে পেটের নিচ দিয়ে যেতে পারে।
পক্ষান্তরে মহিলারা সর্বাঙ্গ মিলিত অবস্থায় সেজদা করেব, মাথা হাঁটুর নিকটবর্তী রাখবে উরু পায়ের নলার সথে ও হাতের বাজু দেহের সাথে মিলিয়ে রাখবে।
সেজদায় অন্ততঃ তিনবার, পাঁচবার কিংবা সাতবার "সুবাহা-না রব্বিয়াল আ'লা" (অর্থঃ সর্বপরি আমার প্রতিপালক আল্লাহই, তিনি প্রবিত্র); অথবা, "সুবহা-না রব্বিয়াল আ'লা- ওয়াবি হামদিহী" (অর্থঃ আমার শ্রেষ্ঠ রবের প্রবিত্রতা প্রশংসার সাথে বর্ণনা করছি); বলবে।
এরপর আল্লাহু আকবার বলে মাথা তুলে ঠিক সোজা হয়ে বসবে। স্থির হয়ে বসার (এ সময় এ দোয়া- "আল্লা-হুম্মাগফেরলী ওয়ার হামনী ওয়া আফেনী ওয়ার যুক্বনী ওয়াহ দিনী" পড়বে) পরে "আল্লা-হু আকবার" বলে পূর্বের ন্যায় সেজদা করবে।
দ্বিতীয় সেজদায় উল্লিখিত তাসবীহ তিন, পাঁচ অথবা সাতবার বলবে। এভাবে সেজদার পর "আল্লা-হু আকবার" বলে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়ানোর সময় বসবে না বা হাত দিয়ে ঠেক লাগাবে না।
দ্বিতীয় সেজদা হতে মাথা উঠানোর সময় যখন "আল্লা-" বলে শুরু করে যখন সোজা হয়ে দাঁড়াবে তখন "হু আকবার" বলবে। দ্বিতীয় রাক'আত নামায যখন আরম্ভ করবে তখন পুনরায় "বিসমিল্লাহির রাহ-মানির রাহীম" বলে আলহামদু সূরা পড়ার পর অন্য যে কোন একটি সূরা পাঠ করে প্রথম রাকআতের ন্যায় রুকূ, সেজদা করে দ্বিতীয় রাকআত পূর্ণ করবে।
সূরা, পড়ার সময় সূরার ধারাবাহিকতার প্রতি সতর্ক দৃষ্টি রাখবে। যেমন প্রথম রাক'আতে আলামতারা পড়লে দ্বিতীয় রাকআতে লি'ঈলাফি সূরা পড়বে। লি'ঈলাফি সূরা বাদ দিয়ে আরাআইতাল্লাযী সূরা পড়লে মাকরুহ হবে। বাদ দিতে হলে কমপক্ষে দু' সূরা বাদ দিয়ে পরের সূরা পড়বে।
আবার প্রথম রাক'আতের সূরা দ্বিতীর রাক'আতের সূরা হতে বড় হতে হবে। দ্বিতীয় রাক'আতের দ্বিতীয় সেজদা থেকে যখন মাথা তুলবে তখন পুরুষরা বাম পায়ের পাতা বিছিয়ে তার ওপর বসবে এবং ডান পা খাড়া রাখবে এবং পায়ের আঙ্গুলীসমূহ ক্বেবলারোখ করে রাখবে আর নারীরা উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বসবে।
এভাবে বসে লক্ষ্য রাখবে যেন আঙ্গুলগুলো বাঁকা হয়ে হাঁটুর নিচের দিকে না যায়।
এভাবে বসে অত্যন্ত মনোযোগের সাথে তাশাহুদ পড়বে।
উচ্চারণঃ "আত্তাহিয়্যা-তু লিল্লা-হি ওয়াচ্ছলা-ওয়া-তু ওয়াত-তইয়্যিবা-তু আসসালা-মু আলাইকা আইয়্যুহানঁ নাবিইয়্যু ওয়া রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ্, আসসালা-মু আলাইনা- ওয়াআলা-ইবাদিল্লা-হিছ ছোয়া-লিহীন। আশহাদু আল্লা--ইলা-হা ইল্লাল্লাহু ওয়াআশহাদু আন্নাঁ মুহাম্মাঁদান আবদুহূ ওয়া রাসূলাহ"
অর্থঃ সকল সম্মান, ভক্তি, নামায, প্রবিত্র এবাদত-বন্দেগী একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের উদ্ধেশে। হে নবী! আপনাকে সালাম এবং আপনার ওপর আল্লাহ তা'আলার অসীম রহমত ও বরকত। আমাদের জন্য এবং আললাহ তা'আলার অন্যান্য পরহেজগার বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং এও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (ছ) আল্লাহর বান্দা ও রাসূল।
তাশাহুদ পাঠের সময় যখন শাহাদাত শব্দে পৌছবে তখন লা বলার সাথে সাথে ডান হাতের শাহাদাত অঙ্গুলিকে ওপরে র দিকে ওঠাবে এবং বৃদ্ধা ও মধ্যমা অঙ্গুলি গোল হাল্কা বানিয়ে রাখবে এবং কনিষ্ঠা ও অনামিকা অঙ্গুলী গুটিয়ে রাখবে। যখন "ইল্লাল্লাহ" বলবে তখন শাহাদাত অঙ্গুলি কিছুটা নুইয়ে নামায শেষ হওয়া পর্যন্ত সোজা রেখে দেবে। বৃদ্ধ ও মধ্যমার হালকা এবং অনামিকা ও কণিষ্ঠার আকদও(গুটিয়ে রাখা) নামায শেষ হওয়া পর্যন্ত তেমনিই রেখে দেবে।
নামায যদি তিন বা চার রাক'আত বিশিষ্ট হয় তবে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পাঠ করে আর বসবে না, সাথে সাথে "আল্লাহু আকবার" বলে উঠে দাঁড়াবে এবং পূর্বের নিয়মানুসারে তৃতীয় ও চতুর্থ রাকয়াত পূর্ণ করবে।
কিন্তু সুন্নাত, নফল ও ওয়াজিব নামায হলে তৃতীয় ও চতুর্থ রাক'আতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়বে এবং ফরয নামায হলে তৃতীয় ও চতুর্থ রাক'আতে অন্য সূরা মিলাতে হবে না শুধু সূরা ফাতেহা পড়বে।
এমনিভাবে তৃতীয় ও চতুর্থ রাক'আত শেষে আবার বসবে এবং পুনরায় তাশাহুদ পড়ে নিম্নলিখিত দুরুদ শরীফ পাঠ করবে-
উচ্চারণঃ আল্লা-হুম্মাঁ ছল্লি আলা- মুহাম্মাঁদিও ওয়া আলা-আ-লি মুহাম্মাঁদিন কামা- ছল্লাইতা আলা-ইবরা-হীমা ওয়া আলা- আ-লি ইবরা-হীমা ইন্নাঁকা হামীদুমঁ মাজীদ। আল্লা-হুম্মাঁ বা-রিক আলা- মুহাম্মাঁদিও ওয়া আলা-আ-লি মুহাম্মাঁদিন কামা- বা-রাকতা আলা-ইবরা-হীমা ওয়া আলা- আ-লি ইবরা-হীমা ইন্নাঁকা হামীদুমঁ মাজীদ।
অর্থঃ হে আল্লাহ! হযরত মুহাম্মদ (ছ) এবং মুহাম্মদ (ছ) এর আহালদের ওপর তোমার খাছ রহমত বর্ষণ কর, যেমন ইবরাহীম (আ) এবং ইবরাহীম (আ) এর আহালদের ওপর তোমার খাছ রহমত বর্ষণ করেছিলে, অবশ্যই তুমি প্রশংসার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী।
হে আল্লাহ! মুহাম্মদ (ছ) এবং মুহাম্মদ (ছ) এর আহালদের ওপর তোমার চির বর্ধনশীল বরকত বর্ষণ কর, যেমন- বরকত বর্ষণ করেছিলে ইবরাহীম (আ) এবং ইবরাহীম (আ) এর আহালদের ওপর। অবশ্যই তুমি প্রশংসার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী।
উল্লিখিত দুরুদ শরীফ পাঠান্তে নিম্নের দোয়া পড়বে-
১। উচ্চারণঃ রব্বানা-আ-তিনা ফিদ্ দুনইয়া হাছানাতাও ওয়া ফিল আ-খিরাতি হাছানাতাঁও ওয়া ক্বিনা-আযা-বান্না-র।
অর্থঃ হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াও আখিরাত উভয় জাহানে উত্তম অবস্থায় রাখো এবং জাহান্নামের আযাব হতে আমাদেরকে বাঁচাও।
দোয়া-
২। উচ্চারণঃ আল্লা-হম্মাঁগফিরলি ওয়ালি ওয়ালি ধাইয়্যা ওয়ালি জামী'ইল মু'মিনা ওয়াল মু'মিনাত, ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাতিল আহইয়ায়ি মিন হুম ওয়াল আমওয়াত।
অর্থঃ হে আল্লাহ! আমাকে মাফ করে দাও। আমার মা-বাবাকে মাফ করে দাও এবং সকল জীবিত-মৃত মুমিন মুসলমান নর-নারীকে মাফ করে দাও। -(বেঃ জেঃ)
অথবা অপর কোন দোয়া পাঠ করবে। যেমনঃ
৩। উচ্চারণঃ আল্লা-হুম্মাঁ ইন্নী আ'ঊযুবিকা মিন আযা-বিল ক্বাবরি ওয়া আ'ঊযুবিকা মিন আযা-বিন্নাঁ-রি ওয়া আ'ঊযু বিকা মিন ফিৎনাতিল মাহইয়া ওয়াল মামা-ত। ওয়া আ'ঊযু বিকা মিন ফিৎনাতিল মাসীহিদ্দাজা-লি ওয়া আ'ঊযুবিকা মিনাল মা-ছিমি ওয়াল মাগরাম।
অর্থঃ হে আল্লাহ! আমি আশ্রয় চাই তোমার কাছে জাহান্নামের আগুন থেকে। জীবন মৃত্যুর ফেতনা থেকে, কানা দাজ্জালের ফেতনা থেকে এবং আশ্রয় চাই তোমার কাছে ঋণের দায় থেকে।
দোয়া মাসূরা-
৪। উচ্চারণঃ আল্লা-হুম্মাঁ ইন্নী জলামতু নাফসী জুলমানঁ কাছীরাও ওয়ালা- ইয়াগফিরুযুনূবা ইল্লা- আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনঁদিকা ওয়ার হামণী ইন্নাকা আনঁতাল গুফূরুর রাহীম।
অর্থঃ হে আল্লাহ! নিশ্চয়ই আমি আমার নফসের ওপর বহু যুলুম করেছি এবং তুমি ছাড়া গুনাহ মার্জনাকারী আর কেউ নেই। অতএব, নিজ দয়াগুণে আমার সকল অপরাধ মার্জনা করে দাও এবং আমার উপর তোমার রহমত বর্ষণ কর। অবশ্যই তুমি ক্ষমাশীল ও দয়াময়। -(বেঃ জেঃ)
দোয়া-
৫। উচ্চারণঃ আল্লা-হুম্মাঁগফিরলী যামঁবী কুল্লাহূ দাক্বক্বাহূ ওয়া জাল্লাহূ ওয়া আ-উয়ালাহূ ওয়া আ-খিরাহূ ওয়া আলা- নিয়াতাহূ ওয়া সিররাহূ। আল্লাহ্-হুম্মাগফিরলী মা-ক্বাদ্দামতু ওমা--আখখারতু ওমা- আসরারতু ওমা-- আ'লানঁতু ওয়ামা-- আনঁতা আ'লামু বিহী মিন্নী আনঁতাল মুক্বাদ্দিমু ওয়া আনঁতাল মুওয়খখিরু আনঁতা ইলা-হী লা-- ইলা- হা ইল্লা- আনঁতা।
অর্থঃ হে আল্লাহ! আমার ছোট, বড় প্রথম, শেষ, প্রকাশ্য, অপ্রকাশ্য সকল গুনাহ্ মার্জনা করে দাও। হে আল্লাহ! পূর্বে আমি যে সকল পাপ করেছি এবং এমন পাপ যা হয়ত আমার মনে নেই কিন্তু তুমি জান, আমার সেই সকল গুনাহ্ও মার্জনা করে দাও। আমার আগেও তুমি, পরেও তুমি, তুমিই মা'বুদ, একমাত্র তুমি ভিন্ন আমার অন্য কোন ইলাহ্ নেই। -(বেঃ জেঃ)।
এভাবে তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসূরা পড়া শেষ করে প্রথমে ডানে পরে বামে সালাম ফেরাবে। সালাম ফেরাবার সময় মুখে "আসসালা-মু আলাইকুম ওয়া রাহমাতুল্লা-হ্ এবং মনে মনে ফেরেশতাদেরকে সালাম করার নিয়ত করবে।
এতক্ষণ পর্যন্ত নামায আদায় করার নিয়ম পদ্ধতি বর্ণনা করা হল, কিন্তু এর ভেতর কিছু কাজ ফরয, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত ও কিছু আছে যা মুস্তাহাব। কোন একটি ফরয যদি কারো বাদ পড়ে, জেনে বাদ পড়ুক বা ভূলে বাদ পড়ুক, তার নামায হবে না।
নামায পুনরায় পড়তে হবে। স্বেচ্ছায় যদি কেউ একটি ওয়াজিব বাদ দেয়, তবে সে বড় গুনাহগার হবে এবং নামায পুনরায় আদায় করতে হবে। ওয়াজিব যদি ভূলে বাদ পড়ে তবে "সহু সেজদা" দিতে হবে। সুন্নাত অথবা মুস্তাহাব বাদ পড়লে নামায হয়ে যায় কিন্তু নেকী কম হবে।
সালাম ফিরানোর পর-
একবার "আল্লাহু আকবার", তিনবার "আস্তাগফিরুল্লাহ" পড়ে এ দোয়া একবার পড়বে-
উচ্চারণঃ আল্লা-হুম্মাঁ আনঁতাস সালা-মু ওয়া মিনঁকাস সালা-মু তাবা-রাকতা ইয়া- যালজালা-লি ওয়াল ইকরা-ম।
অর্থঃ হে আল্লাহ আপনি শান্তির আধার আপনার থেকেই শান্তি আসে। আপনি বরকতময়, হে প্রভাব প্রতাপ ও সম্মানের অধিকারী। -(বুখারী শরীফ)
"সুবহানাল্লাহ" ৩৩ বার, "আলহামদুলিল্লাহ" ৩৩ বার, "আল্লাহু আকবার" ৩৩ বার এবং নিম্নোক্ত দোয়াটি একবার পড়িবে-
উচ্চারণঃ লা--ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শরীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা- কুল্লি শাইইনঁ ক্বাদীর।
অর্থঃ আল্লাহ ছাড়া কোন ইলাহ্ নেই। তিনি এক তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁর এবং প্রশংসাও তারই জন্য। আর তিনি সবকিছুর উপরে শক্তিমান। -(বুখারী শরীফ)
আবার, ১০ বার "সুবাহা-নাল্লাহ", ১০ বার "আলহামদুলিল্লা", ১০ বার "আল্লাহু আকবার" এবং একবার নিম্নের দোয়া পড়া যায়-
উচ্চারণঃ সুবহা-নাল্লা-হি ওয়াল হামদু লিল্লা-হ ওয়া লা--ইলা-হা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
রাসূলু্ল্লাহ (ছ) বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাযের সালাম ফিরাবার পর কোন কথাবার্তা না বলে নিম্নোক্ত দোয়া পড়বে সে ব্যক্তি মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্ত লিখে দেয়া হবে। -(বুখারী শরীফ)
উচ্চারণঃ আল্লা-হুম্মাঁ আজিরনী মিনান্নাঁ-র।
অর্থঃ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন।
প্রত্যেক ফরজ নামাযের পর যে ব্যক্তি আয়াতুল কুরসী পড়বে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোন বাধা থাকবে না।
রাসূলুল্লাহ (ছ) সূরা ফালাক্ব ও নাস তিনবার করে পড়তেন। -(বুখারী শরীফ)